সংসদে উত্তাপ, তদন্ত শেষে ৩০০ বিধিতে বক্তব্যের ইঙ্গিত

দোষারোপে সংযমের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর,ঘটনার প্রকৃত চিত্র জানতে সময় চাইলেন, মামলা ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস
টুইট ডেস্ক: চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রসংগঠনগুলোর সংঘর্ষের ঘটনা জাতীয় সংসদে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শেষে সংসদের ৩০০ বিধিতে বিবৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে তিনি তদন্ত ছাড়া কোনো পক্ষকে দায়ী না করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি উত্থাপন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শেষ দিকে তিনি অভিযোগ করেন, চট্টগ্রামের নিউমার্কেটসংলগ্ন একটি কলেজে শিক্ষার্থীদের সমাবেশে হামলা হয়েছে।
তার দাবি, এ ঘটনায় একজন শিক্ষার্থীর পা কেটে দেওয়ার মতো নৃশংস ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ডেপুটি স্পিকার সংশ্লিষ্ট নিয়মে নোটিশ দেওয়ার পরামর্শ দেন, যাতে স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জবাব দিতে পারেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঘটনাটি ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষ হতে পারে,তবে প্রকৃত ঘটনা নিশ্চিত হতে আরও সময় প্রয়োজন।
তিনি স্পষ্ট করে বলেন, “তদন্ত ছাড়া একতরফাভাবে কোনো রাজনৈতিক দলের ওপর দায় চাপানো ঠিক নয়।”
মন্ত্রী আরও জানান, যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়ায় সুষ্ঠু তদন্ত পরিচালনা করা হবে।
প্রয়োজনে সংসদের ৩০০ বিধিতে বিস্তারিত বিবৃতি দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি অতীতের রাজনৈতিক দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “তদন্তের আগেই পরস্পরকে দোষারোপ না করে আইনি প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হবে।”
উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজ এলাকায় ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
ঘটনাটি স্থানীয় শিক্ষাঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।






