সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত

১৩ আসনের তালিকা প্রকাশ, জামায়াত-এনসিপিসহ শরিক দলগুলোর মধ্যে বণ্টন সম্পন্ন।
টুইট প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করে জোটটি।
প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ১৩টি সংরক্ষিত নারী আসনের মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে পেয়েছে ৮টি মনোনয়ন। বাকি ৫টি আসন শরিক দল ও বিশেষ ক্যাটাগরির প্রার্থীদের মধ্যে বণ্টন করা হয়েছে।
জোটের মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন,জামায়াত ইসলামী থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু। এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও তালিকায় স্থান পেয়েছেন।
জোট সূত্র জানায়, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ১১ দলীয় ঐক্য ৭৭টি আসনে জয়ী হয়। সংসদীয় বিধান অনুযায়ী সেই ফলের ভিত্তিতে সংরক্ষিত নারী আসনে তাদের প্রাপ্যতা নির্ধারণ করা হয়।
অপরদিকে, মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৬টি আসন পেয়েছে বিএনপি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের এ বণ্টন জোটের অভ্যন্তরীণ সমঝোতা ও শক্তির ভারসাম্যকে আরও স্পষ্ট করেছে।





