চীনে বিএনপির কূটনৈতিক তৎপরতা

রাতেই বেইজিংমুখী মির্জা ফখরুল, আগে থেকেই অবস্থান করছে প্রতিনিধি দল।

 

টুইট প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের উদ্দেশে সফরে রওনা দিয়েছেন।

রোববার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না এয়ারের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চীনা সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণেই এই সফর।

রওনা হওয়ার আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে আরও নিশ্চিত করা হয়েছে, সফরে মির্জা ফখরুলের সঙ্গে রয়েছেন তার সহকারী একান্ত সচিব ইউনুস আলী। ধারণা করা হচ্ছে, এই সফরে রাজনৈতিক সংলাপের পাশাপাশি অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতার বিষয়েও আলোচনা গুরুত্ব পাবে।

এর আগে, ১৫ এপ্রিল রাতেই বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনে পৌঁছেছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ।

প্রতিনিধি দলে সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় নেতা এবং বিভিন্ন অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক ভারসাম্য রক্ষায় চীনের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

এমন প্রেক্ষাপটে বিএনপির এই সফরকে কেবল আনুষ্ঠানিক নয়, বরং কৌশলগত যোগাযোগের অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক জোরদারে দলটির এই উদ্যোগ তাৎপর্য বহন করতে পারে।

তবে সফরের আনুষ্ঠানিক কর্মসূচি এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, বৈঠকগুলোর ফলাফল ও আলোচ্য বিষয় সামনে এলে এই সফরের প্রকৃত তাৎপর্য আরও স্পষ্ট হবে।