অবরোধে পাল্টা হুঁশিয়ারি ইরানের

মার্কিন চাপ অব্যাহত থাকলে প্রতিক্রিয়া দেবে ইরান,কূটনৈতিক উত্তেজনা নতুন মোড়ে নিবে।

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ বজায় রাখলে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান।

চলমান উত্তেজনার মধ্যে এই বার্তা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে নতুন অনিশ্চয়তা তৈরি করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওয়াশিংটন যদি তার অবস্থান পরিবর্তন না করে, তবে তেহরানও প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি এই সতর্কতা উচ্চারণ করেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকবে। যদিও একই সময়ে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে তেহরান।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি-এর পূর্ববর্তী বক্তব্যের ব্যাখ্যায় ইরান স্পষ্ট করেছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে তাদের নির্ধারিত নৌপথ অনুসরণ করতে হবে। পাশাপাশি বন্দর অবরোধ অব্যাহত থাকলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলেও পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, একদিকে সম্ভাব্য সমঝোতার আলোচনা, অন্যদিকে অবরোধ ও পাল্টা হুঁশিয়ারি,এই দ্বৈত অবস্থান ওয়াশিংটন-তেহরান সম্পর্ককে আরও জটিল করে তুলছে। পরিস্থিতি যেকোনো সময় নতুন দিকে মোড় নিতে পারে, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায়।