চুক্তির দ্বারপ্রান্তে ওয়াশিংটন-তেহরান

ইরান ইস্যুতে ‘আর কোনো জটিলতা নেই’দাবি ডোনাল্ড ট্রাম্প-এর, তবে সংশয় কাটেনি পুরোপুরি।

টুইট ডেস্ক: ইরান-এর সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় আর কোনো বড় জটিলতা নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্ভাব্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

স্থানীয় সময় লাস ভেগাস-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা খুব কাছাকাছি অবস্থানে আছি। এটি সবার জন্যই ভালো কিছু হতে যাচ্ছে।” তার ভাষ্য অনুযায়ী, আলোচনায় আর কোনো “অচলাবস্থা” বা গুরুত্বপূর্ণ বাধা অবশিষ্ট নেই।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্যে মূলত লেবানন পরিস্থিতিতে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়টিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে এই দুটি ইস্যু কতটা চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে, ইরান এখনো ট্রাম্পের বক্তব্যের কোনো আনুষ্ঠানিক সমর্থন দেয়নি। ফলে সম্ভাব্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন-তেহরান সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা ও বাস্তব পদক্ষেপের ওপর।