রাশেদ প্রধানের বাসায় হামলা: তীব্র নিন্দা জামায়াতের

মোহাম্মদপুরে জাগপা নেতার বাসার সামনে ‘মব’ সৃষ্টি ও হামলার ঘটনায় উদ্বেগ, দোষীদের শাস্তি ও নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান
রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে হামলা ও ‘মব’ সৃষ্টির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, পুলিশের উপস্থিতিতেই সংঘটিত এ ধরনের ঘটনা আইনের শাসন ও নাগরিক নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।
বিবৃতিতে আরও বলা হয়, একটি শব্দ ব্যবহারকে কেন্দ্র করে রাজনৈতিক মতপার্থক্যকে সহিংস রূপ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ‘মব রাজনীতি’ গণতান্ত্রিক সংস্কৃতি ও সহনশীল রাজনৈতিক পরিবেশের পরিপন্থি।
দলটি দাবি করে, ঘটনাটিতে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাশেদ প্রধানের বাসা ও তার ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়।
এছাড়া রাশেদ প্রধানের ব্যক্তিগত সচিবের ওপর হামলা ও আটকের ঘটনাকেও নিন্দনীয় উল্লেখ করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিরোধের সমাধান রাজনৈতিকভাবে হওয়া উচিত, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে, জাতীয় গণতান্ত্রিক পার্টি-এর ওই শীর্ষ নেতার বাসার সামনে ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জামায়াতের দাবি, এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করছে এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।






