রাজশাহীতে শিশু নির্যাতন: র্যাবের তৎপরতায় দ্রুত গ্রেপ্তার

নিখোঁজের পর পরিবারের খোঁজাখুঁজিতে উদ্ধার হয় ভুক্তভোগী। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জড়িত থাকার স্বীকারোক্তি । ৮ ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। গ্রেপ্তারকৃত যুবকের নাম দেব চন্দ্র দাস (২২)।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে র্যাব-৫ এর রাজশাহী সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মনজুরুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চারঘাট উপজেলার আরজিসাদীপুর এলাকার বাসিন্দা দেব চন্দ্র দাস বুধবার তার প্রতিবেশী এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। পরে অভিযুক্তের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটির আচরণ দেখে পরিবারের সন্দেহ হলে ঘটনাটি প্রকাশ পায়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরদিন বিকেলে শিশুটির বাবা বাদী হয়ে চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার ম্যাজিক লণ্ঠন স্কুলের সামনে অভিযান চালিয়ে দেব চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, র্যাব আরও জানিয়েছে, রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক এতিম শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া আরেকটি মামলার আসামিকে গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।







