অবৈধ তেল মজুত ভেঙে দিল প্রশাসন, কৃষকের হাতে ন্যায্যমূল্যে ডিজেল

৪ হাজার লিটার জব্দ, বাজারে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর বার্তা।

টুইট প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করে তা সরাসরি কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

সাম্প্রতিক জ্বালানি বাজারের অস্থিরতার প্রেক্ষাপটে এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই টিপুর মোড় এলাকায় খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করে আসছিল একটি প্রতিষ্ঠান।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে তারা বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে তেল মজুত শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযানে প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই জব্দ করা ডিজেল সরকারি নির্ধারিত দামে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি শুরু হয়, যার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ দেওয়া হবে না।

যারা অবৈধভাবে জ্বালানি মজুত করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

বিশ্লেষকদের মতে, এ ধরনের তাৎক্ষণিক অভিযান শুধু বাজার নিয়ন্ত্রণেই নয়, কৃষি উৎপাদন সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ করে সেচ মৌসুমে জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত হওয়ায় কৃষকরা সরাসরি উপকৃত হবেন।