তুরস্কে কূটনৈতিক তৎপরতা জোরদার

আনতালিয়া ফোরামে যোগ দিয়ে বৈশ্বিক সমর্থন আদায়ে সক্রিয় বাংলাদেশ।

আনোয়ার হোসেন: বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে তুরস্কের আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে দেশটির উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় ১৭ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এই ফোরামকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার প্রত্যাশা রয়েছে।

এবারের আসরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী নিজেই, যা দেশটির কূটনৈতিক সক্রিয়তার একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ফোরামের পাশাপাশি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এছাড়া পাকিস্তান, গাম্বিয়া ও অন্যান্য অংশগ্রহণকারী দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বহুপাক্ষিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এবারের সফরে বাংলাদেশের অন্যতম লক্ষ্য হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে নিজেদের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধি করা।

এ লক্ষ্যে ফোরামের সাইডলাইনে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানো হবে।

এর আগে গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে তুরস্ক সফর করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

ধারাবাহিক এই সফর কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধির অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এমন আন্তর্জাতিক ফোরামে সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের কৌশলগত অবস্থানকে আরও সুসংহত করবে এবং বহুমাত্রিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করতে পারে।