রাজশাহীতে হামে শিশুমৃত্যু, বাড়ছে সংক্রমণ

২৪ ঘণ্টায় মৃত্যু ১, নতুন ভর্তি ১১। হাসপাতালে রোগী ১৪৫
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১১ জন আক্রান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, একদিনে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন রোগী। তবে নতুন রোগী যুক্ত হওয়ায় বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে।
চলমান সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬১৩ জন রোগী রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থাপনা চালু রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল নিশ্চিতের চেষ্টা চলছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার, দ্রুত শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি হওয়ায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।






