বনানীর ১১ তলা ভবনের ছাদে ভয়াবহ অগ্নিকান্ডে নিয়ন্ত্রণে

ঘনবসতিপূর্ণ অভিজাত এলাকায় হঠাৎ আগুনে আতঙ্ক, ছাদ থেকে ছড়িয়ে পড়ে ধোঁয়া—কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস

টুইট প্রতিবেদক: রাজধানীর অভিজাত এলাকা বনানীতে একটি ১১ তলা আবাসিক ভবনের ছাদে আকস্মিক অগ্নিকাণ্ডে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও কালো ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পাওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

পরিস্থিতির তীব্রতা বাড়লে আরও তিনটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনটির ছাদ থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায় এবং দ্রুত ধোঁয়া নিচের দিকে ছড়িয়ে পড়ে।

এতে ভবনের ভেতরে থাকা বাসিন্দারা আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে আসেন। জনবহুল এলাকায় আগুন লাগার ঘটনায় আশপাশে ব্যাপক ভিড় জমে গেলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় সতর্কতা ও নজরদারি জোরদার রাখা হয়েছে।