ইরানের ক্ষতিপূরণ দাবি: আরব জোটে নতুন উত্তেজনা

যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলায় সহযোগিতার অভিযোগে সৌদিসহ ৫ দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দাবি তেহরানের।
টুইট প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে ইরান।
দেশটি অভিযোগ করেছে, সৌদি আরবসহ পাঁচ আরব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করেছে।
এ অভিযোগে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান।
ইরানের দাবি অনুযায়ী, অভিযুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান।
অভিযোগে বলা হয়েছে, এসব দেশ নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সহায়তা করেছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।
চিঠিটি দেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে। এতে দাবি করা হয়, ইরানের সামরিক পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উল্লিখিত দেশগুলোর ভূমিকা প্রমাণিত হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, অভিযুক্ত দেশগুলো আন্তর্জাতিক দায়বদ্ধতা লঙ্ঘন করেছে এবং বেআইনি আগ্রাসনে অংশ নিয়েছে।
বিশেষ করে ১৯৭৪ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাবের আলোকে এ ধরনের সহযোগিতা আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত।
ইরান অভিযোগ করেছে, এসব দেশের সহায়তায় পরিচালিত হামলায় তাদের বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপক মানবিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে।
ফলে এই ক্ষতির পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট দেশগুলোকেই বহন করতে হবে।
বিশ্লেষকদের মতে, এই ক্ষতিপূরণ দাবি মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে।
বিশেষ করে ইরান-ইসরাইল দ্বন্দ্ব এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্যে আরব দেশগুলোর বিরুদ্ধে এমন অভিযোগ আঞ্চলিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
পর্যবেক্ষকরা বলছেন, বিষয়টি এখন আন্তর্জাতিক মঞ্চে গড়াতে পারে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নতুন বিতর্কের জন্ম দিতে।






