হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি ঝুঁকি আরও গভীর হচ্ছে।

দীর্ঘস্থায়ী অস্থিরতার সতর্কতা দিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, বিকল্প সরবরাহ ব্যবস্থার ওপর জোর।
টুইট ডেস্ক: বিশ্বব্যাপী জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনা।
এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেল সরবরাহ ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে মারাত্মক চাপ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং।
মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও কাঁচামাল বাজারে অস্থিরতা কেবল সাময়িক নয়, বরং দীর্ঘমেয়াদি রূপ নিতে পারে।
ফলে উচ্চ তেলের দাম এবং সরবরাহ সংকট অব্যাহত থাকার ঝুঁকি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, এই সংকট মোকাবিলায় দ্রুত বিকল্প সরবরাহ পথ গড়ে তোলা জরুরি। পাশাপাশি শিল্প খাতে কাঠামোগত পরিবর্তন এনে নির্ভরতা কমাতে হবে।
প্রেসিডেন্ট লি জে মিউং জোর দিয়ে বলেন, ভবিষ্যতের জন্য টেকসই অর্থনীতি গড়ে তুলতে বিকল্প সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, শিল্প পুনর্গঠন এবং পরিবেশবান্ধব রূপান্তরকে জাতীয় অগ্রাধিকার হিসেবে নিতে হবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলে শুধু তেলের বাজার নয়, বৈশ্বিক বাণিজ্য ও উৎপাদন ব্যবস্থাও দীর্ঘমেয়াদি চাপের মুখে পড়তে পারে।






