ডিবির অভিযানে চারঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস উদ্ধার, রাতের অভিযানে আটক মাদককারবারি।

রাজশাহী প্রতি‌নি‌ধি: রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. মাইনুল ইসলাম (৩৬)। তিনি উপজেলার জোতকার্তিক গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

জানা গেছে, রোববার রাত দেড়টার দি‌কে (১৩ এপ্রিল)  রাজশাহী জেলা ডিবির উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্সসহ নন্দনগাছি বাজার ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জোতকার্তিক গ্রামের একটি পাকা রাস্তার সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস অ্যামফিটামিনজাত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।