দুর্গাপুরে এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা

আবেগঘন সংবর্ধনায় দোয়া, প্রেরণা ও ভবিষ্যৎ স্বপ্নের আহ্বান

নিজস্ব প্রতি‌নি‌ধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল), সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আবেগ, প্রেরণা ও শুভকামনার এক উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

এসময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, কঠোর পরিশ্রম ও সঠিক প্রস্তুতিই শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি।

বিদায়ী শিক্ষকদের পক্ষে সাদেকুল ইসলাম সানা বক্তব্য দেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে মাহিম, রাজিব ও মানিক আবেগঘন অনুভূতি প্রকাশ করে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠান তাদের শুধু পাঠদানই করেনি, বরং স্বপ্ন দেখা ও তা বাস্তবায়নের সাহস যুগিয়েছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে পরীক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সকল শিক্ষার্থীর সাফল্য, সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সবশেষে আবেগঘন পরিবেশে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।