বিশ্বাস ভঙ্গের অভিযোগে সংসদে বিরোধীদের ওয়াকআউট

জুলাই স্মৃতি জাদুঘর বিল ঘিরে সমঝোতা ভাঙাতে অভিযোগ, অধিবেশনে চতুর্থবারের মতো প্রতিবাদ।
জাতীয় সংসদে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধী সদস্যরা।
ওয়াকআউটের আগে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বলেন, “সমঝোতার প্রতিশ্রুতি ভঙ্গ করে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।
এ অবস্থায় সংসদে থাকা অর্থহীন হয়ে পড়েছে।” তিনি স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং সংসদ পরিচালনায় পক্ষপাতিত্বের অভিযোগ করে।
জানা গেছে, জুলাই স্মৃতি জাদুঘর বিল সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত।
বিশেষ কমিটির বৈঠকে হওয়া সমঝোতা অমান্য করা হয়েছে,এমন অভিযোগ এনে বিরোধী সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। এ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে দীর্ঘ সময় ধরে তর্ক-বিতর্ক চলে।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অধিবেশনে এটি চতুর্থবারের মতো বিরোধী দলের ওয়াকআউট।
ধারাবাহিক এমন ঘটনায় সংসদের কার্যকর ভূমিকা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ বিল পাসের মতো স্পর্শকাতর বিষয়ে সমঝোতা ভেঙে পড়া সংসদীয় সংস্কৃতির জন্য অশনিসংকেত।
তারা মনে করছেন, বিরোধীদের অংশগ্রহণ ছাড়া আইন প্রণয়ন প্রক্রিয়া দীর্ঘমেয়াদে রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে।






