গ্রেপ্তার ঘিরে চট্টগ্রামে উত্তেজনা

মুনিরীয়া যুব তবলীগ মামলায় জুলাই আন্দোলনের নেতা আটক, অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি।
টুইট প্রতিবেদক: চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে এক ওয়ারেন্টভুক্ত মামলায় জুলাই,আগস্ট আন্দোলনের সক্রিয় কর্মী সাদেক আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তার বিরুদ্ধে রাউজান থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, আলোচিত ধর্মীয় সংগঠন মুনিরীয়া যুব তবলীগের দায়ের করা মামলার ভিত্তিতে এবং আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে রাউজান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারকৃত সাদেক আব্দুল্লাহ ২০২৪ সালের জুলাই,আগস্টের ছাত্র আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে পরিচিত।
তিনি হাজী মুহাম্মদ মহসিন কলেজ–এর শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মুনিরীয়া যুব তবলীগ–কে ঘিরে ওঠা বিভিন্ন বিতর্ক ও অভিযোগের বিরুদ্ধ অবস্থান নেওয়ায় তাকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে—এমন অভিযোগ করেছেন তার পরিবার ও সহপাঠীরা।
এ বিষয়ে বায়েজিদ থানার ওসি জানান, “রাউজান থানার মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
সে অনুযায়ী তাকে আটক করা হয়েছে। রাজনৈতিক পরিচয় নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”
অন্যদিকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ন্যাশনাল সিটিজেন পার্টির চট্টগ্রাম মহানগর নেতারা। তাদের দাবি, এটি হয়রানিমূলক গ্রেপ্তার এবং ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এদিকে অভিযোগের বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গ্রেপ্তারকে ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে।
পুলিশ বলছে, এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ, অন্যদিকে পরিবার ও সমর্থকদের দাবি এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি।






