ঢাকা রেসিডেনসিয়ালে ইসলামিক সাংস্কৃতিক উৎসবের সূচনা

জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ, সমাপনীতে থাকবেন ড. মিজানুর রহমান আজহারী।

 

টুইট ডেস্ক: ঢাকা রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে ‘৩য় জাতীয় ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার ২০২৬’।

তিন দিনব্যাপী এই আয়োজনে দেশজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ উৎসবকে প্রাণবন্ত করে তুলেছে।

বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মোখতার আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

আয়োজকরা জানান, ‘হাইয়্যা আলাল ফালাহ’ এই মূলমন্ত্রকে সামনে রেখে উৎসবটি নতুন প্রজন্মকে নৈতিকতা, জ্ঞানচর্চা ও সৃজনশীলতায় উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে।

অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ৩২টি প্রতিযোগিতামূলক বিভাগে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।

উৎসবের উল্লেখযোগ্য আয়োজনগুলোর মধ্যে রয়েছে কুরআন তিলাওয়াত, আজান, নাশীদ, তাৎক্ষণিক বক্তৃতা, কবিতা আবৃত্তি, ক্যালিগ্রাফি, দেয়ালিকা, কুইজ প্রতিযোগিতা, মুসলিম ঐতিহ্য অলিম্পিয়াড, প্রবন্ধ ও সৃজনশীল লেখালেখি।

এসব প্রতিযোগিতায় দেশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে, যা একে জাতীয় পরিসরের মিলনমেলায় রূপ দিয়েছে।

একই সঙ্গে কলেজ প্রাঙ্গণে চলছে ইসলামী বইমেলা, যেখানে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনীগুলোর স্টল বসেছে। শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি

ইসলামি জ্ঞানের প্রসার ঘটানোই এ মেলার মূল লক্ষ্য।
আয়োজকদের ভাষ্য, এই আয়োজন কেবল প্রতিযোগিতা নয়,বরং একটি মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক আন্দোলন, যা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

আগামী শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মিজানুর রহমান আজহারী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এমপি।

আয়োজকরা আশা করছেন, সমাপনী দিনে উৎসবটি আরও বৃহৎ পরিসরে উদযাপিত হবে।