বরিশালে সোনালী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

অডিট আপত্তি নিষ্পত্তি ও অর্থঋণ মামলা ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে উদ্যোগ।
টুইট ডেস্ক: বরিশালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং খাতে জবাবদিহিতা ও আইনগত দক্ষতা জোরদারে অডিট ও অর্থঋণ মামলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক পিএলসি এর উদ্যোগে বৃহস্পতিবার জেনারেল ম্যানেজার’স অফিস বরিশালের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (অডিট ও আইন অনুবিভাগ) আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ। সভাপতিত্ব করেন জিএম অফিস বরিশালের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহের এবং বাণিজ্যিক অডিট অধিদপ্তর খুলনা (সেক্টর-৬) এর উপপরিচালক নাসিফ কবির।
এছাড়া ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইলসহ বরিশাল বিভাগের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় অডিট আপত্তি শনাক্তকরণ, দ্রুত নিষ্পত্তির কৌশল এবং অর্থঋণ মামলার কার্যকর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি ব্যাংকের সামগ্রিক সেবা মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






