ট্রাম্পবিরোধী জনমত বাড়ছে

নতুন জরিপে অভিশংসনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ,ইরান ইস্যুতে চাপ আরও তীব্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে অভিশংসনের দাবি জোরালো হচ্ছে। সর্বশেষ এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির নিবন্ধিত ভোটারদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ এখনই কংগ্রেসকে অভিশংসন প্রক্রিয়া শুরু করার পক্ষে মত দিয়েছেন। এতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

জরিপে অংশ নেওয়া ৭৯০ জন ভোটারের মধ্যে ৫২ শতাংশ ট্রাম্পের অভিশংসনের পক্ষে মত দিয়েছেন, বিপরীতে ৪০ শতাংশ এর বিরোধিতা করেছেন।

উল্লেখযোগ্যভাবে, রিপাবলিকান সমর্থকদের মধ্যেও ভাঙন দেখা যাচ্ছে প্রতি সাতজনের একজন ট্রাম্পের অপসারণ প্রক্রিয়াকে সমর্থন করছেন।

জরিপটি পরিচালিত হয়েছে দুটি প্রগতিশীল সংগঠনের পৃষ্ঠপোষকতায়, যা রাজনৈতিকভাবে এর গুরুত্ব আরও বাড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের শুরুর দিকেই এমন জনমত বিরল এবং তা ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

ইতিহাস বলছে, ট্রাম্প এর আগে দুই দফা প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটে দোষী সাব্যস্ত হননি।

বিশেষ করে ৬ জানুয়ারির ক্যাপিটল দাঙ্গা-এর ঘটনায় দ্বিতীয় অভিশংসনে উল্লেখযোগ্য সংখ্যক সিনেটর তার বিরুদ্ধে অবস্থান নিলেও প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় তিনি রক্ষা পান।

সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং ট্রাম্পের কঠোর বক্তব্য জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জরিপে ইঙ্গিত পাওয়া গেছে।

এদিকে জনপ্রিয়তার দিক থেকেও ট্রাম্প চাপে রয়েছেন। ফেব্রুয়ারির শেষে যেখানে তার সমর্থন ছিল ৪২ শতাংশ, এপ্রিলের শুরুতে তা কমে দাঁড়িয়েছে ৩৯ শতাংশে।

একই সময়ে তার বিরোধিতাকারীদের হার বেড়ে ৫৩ শতাংশে পৌঁছেছে,যা তার দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও বৈদেশিক নীতির বিতর্ক,দুইয়ের সম্মিলিত প্রভাবে ট্রাম্প প্রশাসনের জন্য সামনে সময়টি আরও কঠিন হয়ে উঠতে পারে।