তেল সংকটে এমপির বিড়ম্বনা

আট পাম্প ঘুরেও জ্বালানি না পেয়ে লোকাল বাসে সংসদে, সরকারের দাবির সঙ্গে বাস্তবতার ফারাক তুলে ধরলেন সালাহ উদ্দিন আইউবী।
দেশে জ্বালানি তেলের প্রাপ্যতা নিয়ে সরকারি আশ্বাসের বিপরীতে বাস্তব চিত্রের ভিন্নতা তুলে ধরে জাতীয় সংসদে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী।
তিনি বলেন, আটটি পাম্প ঘুরেও তেল না পেয়ে শেষ পর্যন্ত ব্যক্তিগত গাড়ি রেখে লোকাল বাসে করে সংসদে উপস্থিত হতে হয়েছে তাকে।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তার বক্তব্যে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে এবং মাঠপর্যায়ে সংকটের ইঙ্গিত স্পষ্ট হয়।
নিজ নির্বাচনি এলাকা কাপাসিয়ার প্রসঙ্গ টেনে আইউবী বলেন, গ্যাসলাইন এলাকা অতিক্রম করলেও সেখানে এখনো গ্যাস সংযোগ পৌঁছেনি।
ফলে শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং কর্মসংস্থানের অভাবে যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে। তিনি মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানান।
সড়ক অবকাঠামোর দুরবস্থার কথাও তুলে ধরেন এই সংসদ সদস্য।
তিনি জানান, তার এলাকায় প্রায় ১ হাজার ৭৪২ কিলোমিটার সড়কের মধ্যে ১ হাজার ১৬০ কিলোমিটারই কাঁচা, যা বর্ষা মৌসুমে জনদুর্ভোগ বাড়িয়ে তোলে।
এছাড়া শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত সেতুতে ব্যয় উঠে গেলেও টোল বন্ধ না হওয়ায় জনমনে ক্ষোভ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে একই আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্যরা দেশের অর্থনীতি, পরিবেশ ও অবকাঠামোগত নানা সমস্যা তুলে ধরেন।
ঝালকাঠি-১ আসনের রফিকুল ইসলাম জামাল উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও লবণাক্ততার ক্ষতির কথা উল্লেখ করে নদীভাঙন রোধে বিশেষ প্রকল্পের দাবি জানান।
চাঁদপুর-২ আসনের মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। তার দাবি, অতিরিক্ত মুদ্রা ছাপানোর প্রভাব এখন বাজারে প্রতিফলিত হচ্ছে, যা নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ প্রয়োজন।
অন্যদিকে সাতক্ষীরা-৪ আসনের সদস্য জিএম নজরুল ইসলাম সুন্দরবননির্ভর জনগোষ্ঠীর নিরাপত্তা জোরদারে বিশেষ করে মধু আহরণ মৌসুমে যৌথ বাহিনীর অভিযান বাড়ানোর আহ্বান জানান।
সংসদের এ দিনের আলোচনায় বিভিন্ন দলের সদস্যরা নিজ নিজ এলাকার সমস্যা ও জাতীয় ইস্যু তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
তবে জ্বালানি সংকট নিয়ে সালাহ উদ্দিন আইউবীর বক্তব্য সংসদে বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।






