৬০ হাজার করদাতার আয়কর রিটার্ন নীরিক্ষার আওতায়

অনলাইন ভিত্তিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিট, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত।
টুইট ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৬০ হাজার করদাতার আয়কর রিটার্ন নীরিক্ষার আওতায় আনার পরিকল্পনা করছে। ২০২৩-২০২৪, ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ করবর্ষে অনলাইনে জমা দেওয়া রিটার্নের মধ্যে এসব করদাতাকে বাছাই করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
সোমবার বিকালে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত রাজস্ব ভবনে ফরেন ইনভেস্টরস চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি বলেন, “রিস্ক বেইজড ভিত্তিতে অডিট বাছাই করা হবে।
আগে ম্যানুয়াল পদ্ধতিতে অডিট বাছাইয়ে অভিযোগ থাকায় আমি এনবিআরে যোগ দেওয়ার পর এটি বন্ধ রেখেছিলাম। এখন অনলাইন রিটার্নের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অডিট চালু হয়েছে।
চেয়ারম্যান জানান, চলতি করবর্ষে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে, যদিও পাঁচ শ্রেণির করদাতাকে এ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে মানবীয় ইচ্ছার প্রভাব ছাড়া স্বচ্ছ ও নিরপেক্ষ অডিট নিশ্চিত করা সম্ভব হচ্ছে।
এনবিআর ইতোমধ্যেই ৬০০ প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করেছে। এর মধ্যে ৪০৫টি উৎপাদনকারী, ৯৮টি সেবাদানকারী, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা এবং ৩২টি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত।
এই পদ্ধতি ভ্যাট ব্যবস্থাপনাকে করদাতাবান্ধব করে এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।





