ব্যয় নিয়ন্ত্রণে সরকারের কড়াকড়ি, নতুন গাড়ি কেনায় নিষেধাজ্ঞা

নতুন গাড়ি ক্রয় বন্ধ, আপ্যায়ন ব্যয়ে অর্ধেক কাটছাঁট।

টুইট ডেস্ক: বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি দপ্তরে নতুন গাড়ি ক্রয়সহ একাধিক খাতে বরাদ্দ স্থগিত বা সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ব্যয় কমানোর লক্ষ্যে সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসহ সব পাবলিক সেক্টরের জন্য নতুন করে ব্যয় নিয়ন্ত্রণ নীতি কার্যকর হবে।

পরিপত্র অনুযায়ী, সংশোধিত বাজেটে নতুন গাড়ি ক্রয় সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

একই সঙ্গে কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয়, কর্মকর্তাদের প্রশিক্ষণ ব্যয়, বিনা সুদে ঋণ প্রদান এবং ভূমি অধিগ্রহণ খাতেও বরাদ্দ স্থগিত রাখা হয়েছে।

এছাড়া আপ্যায়ন, সভা সেমিনার এবং স্থাপনা নির্মাণ খাতে বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। অভ্যন্তরীণ প্রশিক্ষণ ও আপ্যায়ন খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয়ের অনুমতি দেওয়া হয়েছে, যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পণ্যমূল্যের অস্থিরতা এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ বিবেচনায় এনে এই ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা হয়েছে।

এতে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমবে এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ স্বল্পমেয়াদে প্রশাসনিক ব্যয়ে চাপ তৈরি করলেও দীর্ঘমেয়াদে রাজস্ব ব্যবস্থাপনা শক্তিশালী করবে।

তবে বাস্তবায়নের ক্ষেত্রে কঠোর নজরদারি না থাকলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হতে পারে।