ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, এক ক্রু উদ্ধার

দ্বিতীয় ক্রুর সন্ধানে অভিযান অব্যাহত, প্রথম নিশ্চিত ক্ষয়ক্ষতির ইঙ্গিত।

টুইট ডেস্ক: ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ গণমাধ্যমগুলো।

তবে দ্বিতীয় ক্রুকে উদ্ধারে এখনো জোরালো অনুসন্ধান অভিযান চলছে, যা পরিস্থিতির অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও সিবিএস নিউজ অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে,বিমানে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে ইতোমধ্যে বিশেষ অভিযানে উদ্ধার করেছে মার্কিন বাহিনী। অপর ক্রুর অবস্থান শনাক্তে ঘটনাস্থলজুড়ে অভিযান অব্যাহত রয়েছে।

নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানটি সম্ভবত এফ-১৫ই মডেলের যুদ্ধবিমান, যেখানে একজন পাইলট এবং একজন অস্ত্র-ব্যবস্থাপনা কর্মকর্তা দায়িত্বে থাকেন।

অন্যদিকে সিএনএন জানিয়েছে, ইরানি গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবি বিশ্লেষণেও এফ-১৫ হওয়ার সম্ভাবনাই বেশি, যদিও কিছু ইরানি সূত্র এটিকে এফ-৩৫ বলে দাবি করেছিল।

ঘটনার পরপরই বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, যা পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা আরও বাড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে সম্ভাব্য দুর্ঘটনাস্থলের আকাশে মার্কিন হেলিকপ্টারসহ বিভিন্ন উড়োজাহাজকে নিচু দিয়ে টহল দিতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বিশেষায়িত উদ্ধারকারী দল ওই এলাকায় সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সংঘাত শুরুর পর ইরানের ভেতরে কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার এটি প্রথম নিশ্চিত ঘটনা হতে পারে।

ফলে এটি কেবল সামরিক নয়, কৌশলগত দিক থেকেও নতুন এক উত্তেজনার সূচনা করতে পারে।