ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে মার্কিন ৫ ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত

প্রিন্স সুলতান ঘাঁটিতে আঘাত; যুদ্ধ শুরুর পর অন্তত ৭ মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত!

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার (১৪ মার্চ) মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি আকাশে জ্বালানি সরবরাহকারী সামরিক ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, হামলায় যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর কয়েকটি রিফুয়েলিং ট্যাঙ্কার (কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার) মাটিতে অবস্থানরত অবস্থায় আঘাতপ্রাপ্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মেরামত কাজ চলছে।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের মধ্যে এই হামলা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক ঘাঁটি, যেখানে দীর্ঘপাল্লার অভিযানে ব্যবহৃত ফাইটার জেট ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন থাকে।

সাম্প্রতিক এই হামলার ফলে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের ক্ষতিগ্রস্ত বা হারানো ট্যাঙ্কার বিমানের সংখ্যা বেড়ে অন্তত সাতটিতে দাঁড়িয়েছে। এর আগে পশ্চিম ইরাকের আকাশে দুটি কেসি-১৩৫ ট্যাঙ্কারের সংঘর্ষে একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু সদস্য নিহত হন।

বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাতে ইরান আঞ্চলিক মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে।