জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম জেরুজালেমে বিস্ফোরণ; হামলার আগে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন
টুইট ডেস্ক: ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেম শহরে আঘাত হেনেছে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সোমবার (২ মার্চ) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান নতুন করে যে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছে, তার মধ্যে একটি সরাসরি জেরুজালেমে আঘাত হানে। হামলার সময় পশ্চিম জেরুজালেম এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে বলে জানান ঘটনাস্থলে থাকা গণমাধ্যমটির একজন সাংবাদিক।
সাইরেন বাজার কিছুক্ষণ পরই একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে এবং এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঐতিহাসিকভাবে ১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। ফিলিস্তিনিদের দাবি অনুযায়ী শহরটি তাদের ঐতিহ্যবাহী ভূমি হলেও বর্তমানে জেরুজালেমের প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে।
জেরুজালেমেই অবস্থিত মুসলমানদের পবিত্র আল-আকসা মসজিদ, যা ইসলামের প্রথম কিবলা হিসেবে পরিচিত। মক্কা ও মদিনার পর মুসলমানদের কাছে শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত।
সূত্র: আল জাজিরা






