রাজশাহীর চারঘাটে বিএনপি নেতাকে পি’টিয়ে হ’ত্যা

ইসলামী জলসার অতিথি নির্বাচন নিয়ে বিরোধের জেরে তারাবির পর বাড়ি ফেরার পথে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তরা পলাতক!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির এক নেতাকে নিজ দলের কর্মীরা পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত এরশাদ আলী (৬৫) সিপাইপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। তিনি রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে তারা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে একটি ইসলামী জলসা আয়োজন নিয়ে আলোচনা করছিলেন। এ সময় এক পক্ষ আনোয়ার হোসেন উজ্জ্বলকে এবং অপর পক্ষ স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার পক্ষে মত দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হলে আলোচনা ভেস্তে যায়।

পরে রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এরশাদ আলীর ওপর হামলা হয়। অভিযোগ রয়েছে, চায়ের দোকানে অবস্থানরত আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, গাজী, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদসহ কয়েকজন তাকে লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এসআই সিরাজুল ইসলাম জানান, অভিযুক্তরা ঘটনার পর পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।