বান্দরবানে শতাধিক পরিবারে সেনাবাহিনীর ইফতার সহায়তা

বান্দরবানে দুঃস্থ পরিবার ও এতিমখানায় সেনাবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ।

বান্দরবান প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান জেলা সদরে দুঃস্থ, অসহায় পরিবার ও এতিমখানার সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রমজানের শুরুতেই জেলা সদরের বিভিন্ন এলাকায় বসবাসরত ১১০টি অসহায় পরিবারের সদস্য এবং ৬টি মাদ্রাসা ও এতিমখানার বাসিন্দাদের হাতে ইফতার সামগ্রী সম্বলিত উপহারের প্যাকেট তুলে দেওয়া হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, মসুর ডাল, আলু ও চাল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বান্দরবান সেনা রিজিয়ন মাঠে আয়োজিত এ কর্মসূচি পরিচালনা করা হয় ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ানের পক্ষ থেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ রহমান। তিনি অসহায় পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে সেনাবাহিনী।

অনুষ্ঠানে ক্যাপ্টেন সামিউলসহ রিজিয়নের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন এলাকার সুবিধাভোগী জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।