অটোরিকশা ছিনতাইয়ে চালক খুন, গ্রেপ্তার নেই

অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মামলা, এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার না হলে আন্দোলনের হুঁশিয়ারি।
টুইট প্রতিবেদক: ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশা চালক আবদুল হককে (৪৫) কুপিয়ে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের মামলার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ছাগলনাইয়া উপজেলার বাংলা বাজার এলাকায় আবদুল হককে কুপিয়ে তাঁর অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
নিহত আবদুল হক উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের ওসমান হাওলাদারের ছেলে। ধারদেনা করে এবং কিস্তিতে প্রায় দেড় লাখ টাকা দিয়ে তিনি অটোরিকশাটি কিনেছিলেন। সেটি চালিয়েই দুই ছেলে ও এক মেয়েসহ পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ চালাতেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন।
এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, আবদুল হক এলাকার একজন নিরীহ ও সৎ মানুষ ছিলেন। তাঁকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একজন নিরীহ মানুষ হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে না পারলে প্রশাসনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে।
এ বিষয়ে ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহের জানান, নিহতের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
ওসি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন আরও কয়েকজন পুলিশের তালিকায় রয়েছেন। তাঁদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।






