তারাগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বামনদীঘি বাজারে ট্রলির পেছনের ধাক্কায় নিহত ২৭ বছর বয়সী শামীম হোসেন!

তারাগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার বামনদীঘি বাজার এলাকায় গাছবোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় শামীম হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে তারাগঞ্জের দিকে আসছিল একটি গাছবোঝাই পাওয়ার টিলার। একই সময়ে ডাঙ্গিরহাটগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় ট্রলারটি। এতে মোটরসাইকেল চালক শামীম হোসেন ট্রলির ইঞ্জিনের সঙ্গে আটকে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নিহত শামীম হোসেন উপজেলার সয়ার ইউনিয়নের মামুনপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে প্রাণ হারান। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।