ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

টুইট ডেস্ক: ক্ষমতায় গেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানী বাড্ডায় এক নির্বাচনি জনসভায় এই ঘোষণা দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করতে পারে তবে এই দলের নেতৃত্বাধীন জোটসঙ্গী নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। নাহিদদের বিমানের সামনে ককপিটে রেখে পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনও ভুলভাল আশ্বাস দেবে না। যা আছে তাই দিয়ে দেশ গড়বে।”

বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নাহিদ ইসলামের সমর্থনে ১১ দলীয় জোটের জনসভায় তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের গোলামকে লালকার্ড দেখাবে। বিএনপির নাটে-ঘাটে সব কার্ড ভুয়া। এই কার্ডকে ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে।”

জামায়াতের আমির বলেন, “৪৭ ও ৭১-এ জাতির আকাঙক্ষা পূরণ হয়নি। ২৪-এ সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই-আগস্ট ঘটে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেক জালেম চড়াও হয়েছে।”

নাহিদ ইসলাম বলেন, “ঢাকা-১১ এলাকা উন্নয়ন না হওয়ার পেছনের প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই এলাকার শত শত মানুষের জমি শত শত খাস জমি সাধারণ জলাশয় এগুলো দখল করে নেওয়া হয়েছে। ভরাট করে ফেলা হয়েছে। শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে।”

এই অঞ্চলের অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “এই অঞ্চলের নাগরিক সুবিধা আমরা নিশ্চিত করবো। যে সব মানুষ ভূমি হারিয়েছে, তাদের ভূমি আমরা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। নতুবা তাদের আমরা ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো। এই ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা-১১ থেকে আমরা চিরতরে নির্মূল করবো।”

নাহিদ ইসলাম বলেন, আমরা শুধু ঢাকা-১১ আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই, সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী। ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট, আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার ঐক্যজোট। ১১ দলীয় ঐক্যজোটের নেতৃত্বে আপনারা সারা বাংলাদেশে যে যেখানে, যে মার্কা যে প্রার্থী আছেন তাদের সহযোগিতা ও ভোট দিয়ে জিতিয়ে আসবেন। এই আহ্বান আপনাদের প্রতি রইল।