রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

৬৫০ গ্রাম গাঁজা ও ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, একজন পলাতক।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা থানা ও শাহমখদুম থানা পুলিশ। এসব অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা ও ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ১৮ সেপ্টেম্বর সকাল পৌনে ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল দামকুড়া থানার নতুন মধুপুর বটতলা গ্রামের আক্তার হোসেন ববি (৫০)-এর বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
পুলিশের দাবি, ববির হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় গোদাগাড়ী থানার বিদিরপুর গ্রামের মৃত আবুল কালাম সরকারের ছেলে মো. সুরুজ (৪৩) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ববি ও সুরুজ পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পলাতক সুরুজের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় দুটি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, একই দিন রাত সোয়া ৯টার দিকে পবা থানা পুলিশ পারিলা ইউনিয়নের ঘোলহাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মো. সুজন আলী (২৯) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে শাহমখদুম থানা পুলিশ ডাবতলা থেকে সিটিহাট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মুশফিকুর রহমান আকাশ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি রাজপাড়া থানার মহিষবাথান গ্রামের মো. নাজিমুদ্দিনের ছেলে। তার হেফাজত থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পলাতক সুরুজকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






