ইউনানে চীনা ভাষা কর্মসূচি পরিচালকদের সভায় বক্তব্য দিলেন রাবির উপ-উপাচার্য

টুইট ডেস্ক: চীনের ইউনানে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর চীনা ভাষা বিভাগের প্রধানদের আন্তর্জাতিক সভায় মূল বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান হলে ‘ইউনান ও দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের প্রধানদের যৌথ সভা’ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের চীনা ভাষা শিক্ষার বর্তমান পরিস্থিতি ও চীন-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক মামুনুর রশীদ।

বক্তব্যে তিনি বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনার পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় ‘ইউনান-দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয় চীনা ভাষা কর্মসূচি পরিচালক সহযোগিতা গ্রুপ’-এর আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন রাবির উপ-উপাচার্য। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অধ্যাপক মামুনুর রশীদ এবং রাবি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিমকে আগামী দুই বছরের জন্য সহযোগিতা গ্রুপটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এই উদ্যোগের মাধ্যমে ইউনান ও দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠান শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজকদের হাতে স্মারক উপহার তুলে দেন অধ্যাপক মামুনুর রশীদ।