তারাগঞ্জে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা

এটিএম আজহারুল ইসলাম জীবন উৎসর্গের অঙ্গীকারসহ জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন
আব্দুল্লাহিল শাহীন, তারাগঞ্জ: রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জনগণের কল্যাণে জীবন উৎসর্গ করাই তাঁর একমাত্র অঙ্গীকার। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের শিকার হয়ে টানা ১৪ বছর কারাবরণ করতে হয়েছে, যেখানে মিথ্যা মামলা ও অবিচারের শিকার হয়েছেন। মহান আল্লাহর রহমতে সব ষড়যন্ত্র ও অবিচারের অবসান ঘটেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে দেশ দীর্ঘদিন দুর্নীতি, লুটপাট ও স্বেচ্ছাচারিতার কবলে ছিল। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, জামায়াত ক্ষমতায় এলে ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলবে, যেখানে সকল নাগরিক ন্যায্য বিচার পাবেন।
সভায় সয়ার ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ। তারা বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসনই সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও অনিয়ম দূর করার উপায়। জনসমক্ষে ভোটের মাধ্যমে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।






