ইউপি নির্বাচন নিয়ে বিতর্কে কুমিল্লার সংসদ সদস্য

বিদ্রোহী প্রার্থী হলে ‘নলা নিয়ে বাড়ি যেতে পারবেন না’ যুব সমাবেশে দেওয়া বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা; পরে বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য।

টুইট প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী নির্ধারণ ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হলে ‘নলা নিয়ে বাড়ি যেতে পারবেন না’ এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।

রোববার (১ নভেম্বর) সংসদ সদস্যের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে শনিবার (৩১ অক্টোবর) নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে মোবাশ্বের আলম ভূইয়াকে বলতে শোনা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়া হবে। তবে কেউ ‘নলা নিয়ে বাড়ি যেতে পারবেন না’। তাঁর ভাষ্য অনুযায়ী, সংসদ সদস্যের দায়িত্ব হচ্ছে মেম্বার ও চেয়ারম্যান নির্বাচিত করা। প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না। দলের শৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ বিষয়ে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া সাংবাদিকদের বলেন, দলের শৃঙ্খলা নষ্ট করে বিদ্রোহী প্রার্থী দেওয়ার বিষয়ে যাঁরা নেতা-কর্মীদের উসকানি দিচ্ছেন, তাঁদের উদ্দেশ্যেই তিনি এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থনের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল-সমর্থিত প্রার্থীর বিজয় কঠিন হয়ে পড়ে। এ কারণে লালমাই ও নাঙ্গলকোট উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে দল-সমর্থিত প্রার্থী নির্ধারণ করা হবে।

এককভাবে কাউকে মনোনয়ন দেওয়ার কথা তিনি বলেননি বলেও দাবি করেন সংসদ সদস্য।