বান্দরবানে গণসংহতি আন্দোলনের ‘হ্যাঁ’ ভোট প্রচারণা

“পরিবর্তন চাই, পরিবর্তন সম্ভব” – বান্দরবানে গণসংহতি আন্দোলনের জোরালো ‘হ্যাঁ’ ভোট আহ্বান!
অসীম রায় (অশ্বিনী): বান্দরবানের ৭টি উপজেলায় গণসংহতি আন্দোলন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত সাংবিধানিক গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছে। “পরিবর্তন চাই, পরিবর্তন সম্ভব” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি জনগণকে অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে তাদের মতামত প্রতিফলিত করার আহ্বান জানিয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি সকালে বান্দরবানের ৭ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন গণসংহতি আন্দোলনের সাংগঠনিক সম্পাদক উসাইশৈ মারমা এবং দপ্তর সম্পাদক উথোয়াইওয়াং মারমা।

ছবি: অসীম রায় (অশ্বিনী)
পথসভায় উথোয়াইওয়াং মারমা বলেন, “দীর্ঘদিন পর দেশে একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রক্রিয়াকে সফল করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে, যা দেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করবে।”
তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইতিবাচক পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়া এবং ভোটকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এই গণভোটে ভোটারদের জিজ্ঞাসা করা হবে: “আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই সনদে বর্ণিত সাংবিধানিক সংস্কার প্রস্তাবসমূহের (তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের পুনর্গঠন ইত্যাদি) প্রতি সম্মতি জ্ঞাপন করছেন?” – হ্যাঁ / না।
এ সময় গণসংহতি আন্দোলনের বিভিন্ন উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের পর গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে এই গণভোট আয়োজিত হচ্ছে। গণসংহতি আন্দোলন জুলাই সনদে স্বাক্ষরকারী সংগঠনগুলোর একটি। সংগঠনটি মনে করে, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশে সত্যিকারের গণতান্ত্রিক সংস্কার প্রতিষ্ঠিত হবে।
পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে এই পথসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ। তারা ভোটারদের উচ্চ উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।






