দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে আটক ২, কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতে দুজনের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক (দুর্গাপুর) রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে আটক করে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও দুর্গাপুর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দুর্গাপুর পৌর এলাকার শালঘড়িয়া গ্রামের সোহাগ আলী (৩৮) ও সেজান মাহমুদ (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের পরিদর্শক জুয়েল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






