গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে মাদারীপুর ও ফরিদপুরে

পরীক্ষার অনুকূল পরিবেশ না থাকায় ঢাকা শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত; কাশিয়ানীর পরীক্ষার্থীদের পরীক্ষা আলফাডাঙ্গায়, অন্য কেন্দ্রগুলোর পরীক্ষা রাজৈরে।
টুইট ডেস্ক: গোপালগঞ্জ জেলায় এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার কয়েকটি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
রোববার দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার কেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সদর ও গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা রাজৈরে অনুষ্ঠিত হবে। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গায়।
এ ছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্র, টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা রাজৈরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রে অনুষ্ঠিত হবে।






