চারঘাটে ডিবির অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২

মহাসড়কে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার, পলাতক সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে গেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে চারঘাট মডেল থানার হলিদাগাছি খেলার মাঠের সামনে বানেশ্বর-চারঘাট মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার চক জামিরা গ্রামের মৃত বাবুর ছেলে মো. লালন মিয়া (৩০) ও একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে মো. মোফাজ্জল হোসেন (৩৬)।

রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশের এসআই মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, হলিদাগাছি খেলার মাঠের সামনে দুই ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় লালন মিয়ার পরিহিত লুঙ্গির ডান কোচা থেকে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে লালন ও মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের সহযোগী গোদাগাড়ী উপজেলার মাছমারা তিরিনদা গ্রামের মো. তরিকুল ইসলাম ওরফে তরিক (৩৫) পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার লালন মিয়ার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুই ব্যক্তি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।