মাওলানা সাদের বক্তব্যে দেওবন্দের আপত্তির কারণ জানালেন শিক্ষক

ব্যক্তিগত বিরোধ নয়, আপত্তির মূল কারণ ইলমি ও আকিদাগত; বক্তব্য ও চিন্তাধারা পর্যালোচনার আহ্বান
টুইট প্রতিবেদক: তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদের বক্তব্য নিয়ে দারুল উলুম দেওবন্দের আপত্তির কারণ ব্যাখ্যা করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক মাওলানা সালমান বজুনুরি নকশবন্দি। তাঁর মতে, এ আপত্তির পেছনে ব্যক্তিগত বিদ্বেষ, পারিবারিক বিরোধ কিংবা অর্থনৈতিক স্বার্থ নেই। বরং মাওলানা সাদের কিছু বক্তব্যের সঙ্গে আকাবিরে দেওবন্দের চিন্তাধারা, কর্মপদ্ধতি ও আকিদাগত অবস্থানের মৌলিক পার্থক্য রয়েছে।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে মাওলানা সালমান বজুনুরি বলেন, দ্বীনের সঠিক ব্যাখ্যা সংরক্ষণ এবং ভুল বক্তব্যের প্রতিবাদ করা আলেমদের দায়িত্ব। মাওলানা সাদের বিষয়ে আপত্তির কারণ কোনো ব্যক্তিগত শত্রুতা নয়। তবে তাঁর কিছু বক্তব্যে আকাবিরদের অনুসৃত কর্মপদ্ধতি থেকে বিচ্যুতি এবং আকিদাসংশ্লিষ্ট বিষয়ে আপত্তির সুযোগ রয়েছে।
তিনি জানান, মাওলানা মুহাম্মদ ইলিয়াস (রহ.)-এর সময় থেকেই তাবলিগ জামাতের বিভিন্ন আমল ও কর্মপদ্ধতি নিয়ে আলেমদের মধ্যে আপত্তি ছিল। পরবর্তী সময়ে মাওলানা মুহাম্মদ জাকারিয়া (রহ.), মাওলানা মানজুর নোমানি (রহ.) এবং মাওলানা সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.)-এর মতো বিশিষ্ট আলেমরাও এসব বিষয়ে সংশোধনের চেষ্টা করেছেন।
দেওবন্দের বর্তমান মুহতামিমের বক্তব্যই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক অবস্থান উল্লেখ করে তিনি বলেন, শুধু ঐক্য ও ভালোবাসার কথা বললেই চলমান সংকটের সমাধান হবে না। এ জন্য মাওলানা সাদের নিজের বক্তব্য ও চিন্তাধারা পর্যালোচনা করা প্রয়োজন।
শিক্ষার্থীদের উদ্দেশে মাওলানা সালমান বজুনুরি বলেন, এ ধরনের বিষয়ে আবেগ কিংবা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং কোরআন-সুন্নাহর দলিল এবং গভীর ইলমি অধ্যয়নের মাধ্যমে প্রতিটি বিষয় পর্যালোচনা করতে হবে।
তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, মাওলানা সাদকে ঘিরে দেওবন্দের আপত্তির কেন্দ্রবিন্দু ব্যক্তিগত বিরোধ নয়; বরং ধর্মীয় ব্যাখ্যা, আকিদা এবং তাবলিগের প্রচলিত কর্মপদ্ধতি নিয়ে মতপার্থক্য।






