১৩ দেশের গলফার নিয়ে শুরু হলো সিআইএসএম মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ

১৩ দেশের ১১৭ সামরিক কর্মকর্তা ও গলফারের অংশগ্রহণ; ৪ ডিসেম্বর শেষ হবে সপ্তাহব্যাপী প্রতিযোগিতা।
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় শুরু হয়েছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৬।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকা সেনানিবাসের ঐতিহ্যবাহী কুর্মিটোলা গলফ ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
আন্তর্জাতিক সামরিক ক্রীড়া পর্ষদ (সিআইএসএম)-এর তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের মোট ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক কর্মকর্তা ও খেলোয়াড়দের বাংলাদেশে স্বাগত জানান। তিনি ক্রীড়ার মাধ্যমে বিশ্বশান্তি, পারস্পরিক সহযোগিতা ও সামরিক বাহিনীগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সিআইএসএমের চিরায়ত মূলমন্ত্র ‘Friendship through Sport’ বা ‘ক্রীড়ার মাধ্যমে বন্ধুত্ব’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ৪ ডিসেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
আন্তর্জাতিক সামরিক ক্রীড়াঙ্গনে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। একই সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক সদস্যদের মধ্যে পেশাদারিত্ব, সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা, সিআইএসএমের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।







