রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ১

ধানমন্ডি, কলাবাগান, ওয়ারী ও কাফরুলে পৃথক ঘটনা; হতাহতের খবর নেই।

টুইট প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, ওয়ারী ও কাফরুল থানা এলাকায় পৃথক চার স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাতের মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত না হলেও হাতিরপুলে বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।

রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে ধাওয়া করা হলেও আটক করা সম্ভব হয়নি।

এ ছাড়া রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে।