‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব’—ছাত্র সংসদ নেতাদের জামায়াত আমির

চাকরির পরিবর্তে নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে ছাত্র সংসদ নেতাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন ডা. শফিকুর রহমান।

টুইট ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ছাত্র সংসদ নেতাদের বিয়ের বয়স হয়েছে উল্লেখ করে তাদের ভালো জায়গায় বিয়ে করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ছাত্র সংসদ নেতাদের কর্মসংস্থান, ক্যারিয়ার গঠন, জাতীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশ এবং ব্যক্তিগত পরামর্শের বিষয়ে জানতে চান। এ সময় তিনি ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও ক্যারিয়ার সম্পাদক মাজহারকে নিয়ে বিয়ের প্রসঙ্গও তুলে ধরেন।

জবাবে জামায়াত আমির বলেন, ‘বিয়ের জন্য মোবারকবাদ। তোমাদের বয়স হয়েছে, এখন বিয়ে-শাদি করবা।’

বিয়ের গুরুত্ব তুলে ধরে তিনি অধ্যাপক গোলাম আযমের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, বিয়ে শুধু আনন্দের জন্য নয়, সভ্যতা গড়ে তোলার জন্য। সময়মতো বিয়ে না হলে জাতি পিছিয়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বের অনেক দেশ জনসংখ্যা সংকট মোকাবিলায় বিয়ে ও সন্তান নেওয়ার ক্ষেত্রে বাড়তি প্রণোদনা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ছাত্র সংসদ নেতাদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, তোমাদের এই সুযোগ যাদের আছে, আমরা তোমাদের পাশে আছি, সামনে থাকব। বিয়ে করিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো জায়গায় বিয়ে করিয়ে দিব।’

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি তিনি চান তারা ভবিষ্যতে নেতৃত্ব দিক, উদ্ভাবন করুক এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুক।

তিনি আরও বলেন, ছাত্র সংসদ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় হবে। তাদের হাত ধরে দেশকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত আমির।