পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে মাত্র ৮ জন

গত মৌসুমের ২০ জন থেকে কমিয়ে ৮ জনে নামাল পিসিবি; বাদ পড়েছে দুটি ক্যাটাগরি।

টুইট প্রতিবেদক: পাকিস্তানের নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৬-২৭ মৌসুমের জন্য প্রকাশিত নতুন তালিকায় জায়গা পেয়েছেন মাত্র ৮ জন ক্রিকেটার। অথচ গত মৌসুমে পাঁচটি শ্রেণিতে চুক্তিবদ্ধ ছিলেন ২০ জন নারী ক্রিকেটার।

শুক্রবার (২৭ নভেম্বর) নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে পিসিবি। এতে ক্রিকেটারদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ‘এ’ শ্রেণিতে জায়গা পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক ফাতিমা সানা খান ও বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল।

‘বি’ শ্রেণিতে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুনিবা আলি, সিদরা আমিন ও বাঁহাতি স্পিনার নাশরা সান্ধু। অন্যদিকে ‘সি’ শ্রেণিতে জায়গা পেয়েছেন ওপেনার গুল ফিরোজা, সাদাফ শামাস ও আয়েশা জাফর।

পিসিবি জানিয়েছে, ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স ও শারীরিক সক্ষমতা মূল্যায়নের ভিত্তিতে চুক্তির শ্রেণি নির্ধারণ করা হয়েছে। চুক্তির মেয়াদেও নিয়মিতভাবে তাঁদের শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। নির্ধারিত মান বজায় রাখা চুক্তিবদ্ধ প্রত্যেক ক্রিকেটারের জন্য বাধ্যতামূলক।

গত মৌসুমে ‘এ’, ‘বি’ ও ‘সি’ শ্রেণির পাশাপাশি ‘ডি’ এবং উদীয়মান ক্রিকেটারদের জন্য ‘ই’ শ্রেণি ছিল। এবার এই দুটি শ্রেণি বাদ দেওয়ার পাশাপাশি চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যাও ২০ থেকে কমিয়ে ৮ জনে নামিয়েছে পিসিবি।

সর্বোচ্চ শ্রেণিতে থাকা ২৪ বছর বয়সী ফাতিমা সানা ব্যাট ও বল, দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন। সম্প্রতি প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ও অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

অন্যদিকে বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবালও বোলিংয়ে ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে ‘এ’ শ্রেণিতে জায়গা ধরে রেখেছেন। এর আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নারী টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও অর্জন করেছিলেন তিনি।