পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে প্রতারণার শিকার ৫ যুবক

পাসপোর্ট আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সীমান্তে ফেরার পর অটোরিকশাচালকসহ আটক ছয়জন।

টুইট প্রতিবেদক: পর্তুগালের ভিসা পাওয়ার আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন নরসিংদীর পাঁচ যুবক। তাদের অভিযোগ, পাসপোর্ট আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফেরার পর ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় অটোরিকশাচালকসহ ছয়জনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক পাঁচ যুবক হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬) ও কামাল উদ্দিন (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭) এবং আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮)। এ ছাড়া অটোরিকশাচালক বেলাল হোসেনকে (৩৬) আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের পরশুরাম সীমান্তসংলগ্ন মির্জানগর ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই পাঁচ যুবক। পরে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সুবর বাজার সড়ক দিয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা অটোরিকশাটি থামানোর সংকেত দিলেও চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়। এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন ও সদস্যসচিব কামরুল হাসানের নেতৃত্বে নেতা-কর্মীরা এ অভিযান চালান। আতাহার হোসেন জানান, সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারির পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা নিয়মিত পাহারা দিচ্ছেন।

আটক যুবকদের দাবি, গত ১৪ নভেম্বর তারা আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন। তাদের উদ্দেশ্য ছিল পর্তুগালের ভিসা সংগ্রহ করা। কিন্তু ভারতে পৌঁছানোর পর তারা একটি দালাল চক্রের খপ্পরে পড়েন। চক্রটি তাদের পাসপোর্ট আটকে রেখে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে ভারতের জয়ন্তীনগর, বীরচন্দ্রনগর ও মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে জোরপূর্বক তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় সংশ্লিষ্ট দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তারা এসব তথ্য দিয়েছেন। তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই করছে পুলিশ।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই করতে সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি অনুপ্রবেশের অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

ওসি আরও জানান, আটক ব্যক্তিদের একজন বাদী হয়ে মানব পাচার চক্র ও দালালদের বিরুদ্ধে মামলা করবেন। অন্যরা ওই মামলায় সাক্ষী থাকবেন। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। আদালতে জবানবন্দি গ্রহণের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।