ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিকাশের এক্সপেরিয়েন্স জোন চালু

সেমিস্টার ফি থেকে ক্যান্টিনের বিল, ক্যাম্পাসের সব লেনদেন ক্যাশলেস করার উদ্যোগ।

টুইট প্রতিবেদক: রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বিকাশ এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাস থেকেই বিকাশের বিভিন্ন আর্থিক ও হিসাবসংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন।

একই সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব ধরনের আর্থিক লেনদেন নগদ টাকামুক্ত করার লক্ষ্যে বিকাশের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর আওতায় সেমিস্টার ফি, গ্রন্থাগার ফি, পরীক্ষাগার ফি, যাতায়াত খরচ থেকে শুরু করে ক্যাফেটেরিয়া ও ক্যান্টিনের বিলও বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক্সপেরিয়েন্স জোনটির উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ডেভিড অস্টিন ডাউল্যান্ড, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. মাশরুর রহিম সাদাতসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে বিকাশ হিসাবে টাকা জমা ও উত্তোলন, নতুন হিসাব খোলা, সঞ্চয়, প্রবাসী আয় গ্রহণ, হিসাবের গোপন নম্বর পরিবর্তন, বন্ধ হিসাব সচল করা এবং গ্রাহকতথ্য হালনাগাদসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।

এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি ও দৈনন্দিন কেনাকাটার বিল ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা কমার পাশাপাশি লেনদেনের সময়ও সাশ্রয় হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার বলেন, সম্পূর্ণ নগদ টাকামুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করছে বিশ্ববিদ্যালয়। সেমিস্টার ফি থেকে শুরু করে ছোট-বড় সব ধরনের লেনদেন ডিজিটাল ব্যবস্থায় আনতে বিকাশের সঙ্গে এই যৌথ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, নগদ টাকামুক্ত ক্যাম্পাস গড়ে তোলার এই উদ্যোগ অনুপ্রেরণাদায়ক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেওয়া এই উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে কার্যকর উদাহরণ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বিকাশের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষাব্যয় পরিশোধ করতে পারেন। ফি জমা দেওয়ার পর তাৎক্ষণিক বার্তা ও ডিজিটাল রসিদ পাওয়ার সুবিধাও রয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নতুন এই সেবা চালুর মধ্য দিয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল আর্থিক লেনদেন সম্প্রসারণের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে গেল।