পোশাক শ্রমিকের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা

টুইট ডেস্ক: দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডের (গ্রেড-৪) শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা, যা ২০২৩ সালে ঘোষিত ১২ হাজার ৫০০ টাকার তুলনায় ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি।
দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার বৈঠক শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা জজ সৈয়দ আজাদ সুবহানী নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন। আগামী ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে।
নতুন কাঠামোর ফলে ন্যূনতম মজুরির দিক থেকে বাংলাদেশ এখন ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। বর্তমানে ভারতের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার ৩৭৬ টাকা এবং পাকিস্তানে ১৬ হাজার ৬৯৫ টাকা। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম ন্যূনতম মজুরি রয়েছে শ্রীলঙ্কায়, যেখানে শ্রমিকরা পান ১১ হাজার ২৫৩ টাকা।
তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের মজুরি এখনও কম। ভিয়েতনামে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা, ইন্দোনেশিয়ায় ২৪ হাজার ১৮ টাকা এবং চীনে ৫১ হাজার ২৬৫ টাকা।
সংশোধিত শ্রম আইন অনুযায়ী, এবার পাঁচ বছরের পরিবর্তে তিন বছর পর নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়েছে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুইজন ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকার প্রস্তাব অনুমোদিত হয়।
নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-৪-এর শ্রমিকদের মাসিক মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এর শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।
নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার পর দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত লাখো শ্রমিক এর সুফল পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।






