দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: শফিকুর রহমান

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাককে স্বাগত, দীর্ঘমেয়াদি ঐক্যের জন্য সংলাপের তাগিদ; আওয়ামী লীগের চরিত্র বদলায়নি বলেও মন্তব্য বিরোধীদলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর দেওয়া জাতীয় ঐক্যের ডাককে স্বাগত জানিয়ে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী যে ঐক্যের ডাক দিয়েছেন, তা দেশের কথা চিন্তা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, দলটির ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদের দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।

তিনি আরও বলেন, সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।