নারীর সুরক্ষায় তিন দফা আহ্বান জাতিসংঘ সভাপতির

নারীর প্রতি সহিংসতার অভিযোগ উপেক্ষা, তদন্তে নিষ্ক্রিয়তা ও সুরক্ষা দিতে প্রতিষ্ঠানের ব্যর্থতায় বিচার পাওয়ার পথ কঠিন হচ্ছে বলে মন্তব্য।
আন্তর্জাতিক ডেস্ক: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিচার ও সুরক্ষা কার্যক্রমে অর্থায়ন, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং দায়ী প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে তিনি সদস্যরাষ্ট্রগুলোর প্রতি তিনটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এগুলো হলো—বিচার ও সুরক্ষা ব্যবস্থায় অর্থায়ন, প্রযুক্তিকে নির্যাতন আড়াল করার পরিবর্তে ন্যায়বিচারের সহায়ক করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খলিলুর রহমান বলেন, ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ নারীর প্রতি সহিংসতাকে তাঁদের মৌলিক অধিকার ও স্বাধীনতার লঙ্ঘন হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু এখনো সহিংসতার শিকার নারীদের অভিযোগ অনেক ক্ষেত্রে গুরুত্ব পায় না, তদন্ত শুরু হয় না এবং সুরক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়।
তিনি বলেন, প্রতিটি ব্যর্থতা ভুক্তভোগীদের বিচার চাওয়ার পথ আরও কঠিন করে তোলে এবং অপরাধীদের জবাবদিহি এড়িয়ে যাওয়ার সুযোগ বাড়ায়।
নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু ঘোষণা নয়, কার্যকর পদক্ষেপ ও প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।






