সাভারে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

আমিনবাজারের ৯ নম্বর ওয়ার্ড থেকে আটক সেলিম মেম্বার, তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতিও ছিলেন।

টুইট প্রতিবেদক: ঢাকার সাভারে নাশকতার মামলায় সেলিম মেম্বার নামে আমিনবাজার ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আমিনবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম আমিনবাজার ইউনিয়নের আমবর আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বেও ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় নাশকতার মামলার আসামি সেলিম মেম্বারকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার সেলিম মেম্বার নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিকে বুধবার আদালতে পাঠানোর কথা রয়েছে।